চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধিদল এই আগ্রহের কথা জানায়।
প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাঁদের প্রতিষ্ঠানে কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার কারণে তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন বলে তাঁরা উল্লেখ করেন।
প্রতিনিধিদলটি আরও জানায়, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য বাংলাদেশি ড্রাইভার বাছাই কার্যক্রম শুরু হবে। এ দফায় নতুন করে ১ হাজার ৫০০ চালকসহ চলতি বছর মোট ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি।
এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন। একই সঙ্গে মন্ত্রী দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করতে প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান এবং চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী কর্মী নিয়োগের অনুরোধ করেন।
সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে বর্তমানে অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র ও শ্রমজীবী হওয়ায় ঋণ নিয়ে বিদেশে যাওয়ার খরচ জোগাড় করতে হয় তাঁদের। এ কারণে অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।