সকল মেনু

গণভোটের রায় বাস্তবায়ন না হলে স্বৈরশাসন জাতির ঘাড়ে চেপে বসবে

গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে অতীতের চেয়েও ভয়াবহ স্বৈরশাসন জেঁকে বসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি মন্তব্য করেছেন, এই রায় বাস্তবায়িত হলেই কেবল দেশে সুশাসনের পথ সুগম হবে। আজ শনিবার (১৬ মে) রাজশাহীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জামায়াত আমির অভিযোগ করেন, বর্তমান সরকার ইতোমধ্যে এমন কিছু কর্মকাণ্ড করেছে যা জনগণের সঙ্গে ধোঁকার শামিল। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ১৬টি অধ্যাদেশ বাস্তবায়ন না করে সরকার সেগুলো কার্যত বাদ দিয়েছে বলে দাবি করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, এই ১৬টি অধ্যাদেশ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা অসম্ভব। সরকার এগুলো বাস্তবায়ন না করলে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চলবে এবং গণভোটের রায় মানতে সরকারকে বাধ্য করা হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, যে পথ ধরে বিগত স্বৈরাচার চলেছিল, আপনারাও একই পথে হাঁটছেন। এই পথ থেকে ফিরে না আসলে অতীতে স্বৈরাচারের যে পরিণতি হয়েছিল, আপনাদের পরিণতিও ভিন্ন হবে না। তিনি মনে করিয়ে দেন, বর্তমান সংসদের মেয়াদ মাত্র আড়াই মাস পার হয়েছে। তারা এখনই কঠোর অবস্থানে না গিয়ে সরকারকে ভুল সংশোধনের সুযোগ দিতে চেয়েছেন। তবে তাদের এই উদারতাকে যেন কোনোভাবেই দুর্বলতা হিসেবে বিবেচনা না করা হয়।

প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সাম্প্রদায়িকতা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা প্রতিবেশীকে সম্মান করি এবং ধর্মের ভিত্তিতে সেখানে কোনো বিভাজন বা অশান্তি চাই না। কিন্তু সেখানে শুধু মুসলিম পরিচয়ের কারণে মানুষকে নাজেহাল করা হচ্ছে, যার প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে কাউকে দেওয়া হবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের নদী ও পরিবেশ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ফারাক্কা ও তিস্তার কারণে বাংলাদেশের চার ভাগের এক ভাগ এলাকা এখন প্রায় মরুভূমি হয়ে গেছে। আওয়ামী লীগের প্রথম সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষামূলকভাবে ১৫ দিনের জন্য ফারাক্কা বাঁধের কার্যক্রম চালুর সুযোগ দিয়েছিল, যার খেসারত এখন দিতে হচ্ছে। সরকার সম্প্রতি পদ্মা ব্যারেজের যে ঘোষণা দিয়েছে, তাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এই ঘোষণা যেন শুধু লোকদেখানো না হয়। কারও রক্তচক্ষুকে তোয়াক্কা না করে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং পদ্মায় পানি ফিরিয়ে আনতে হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×