সকল মেনু

তেহরানে ইরান ফুটবল দলের রাজকীয় বিদায় সংবর্ধনা

ভূরাজনৈতিক টানাপড়েন এবং মার্কিন ভিসাশঙ্কার মাঝেই আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এক বর্ণাঢ্য এবং আবেগঘন বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় দল। বুধবার রাতে তেহরানের ঐতিহাসিক এনকেলাব স্কয়ারে হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে এই জমকালো আয়োজন সম্পন্ন হয়।

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যখন নানামুখী অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি ফুটবলারদের মানসিকভাবে শক্তিশালী করে তুলেছে। অনুষ্ঠানে ফুটবলাররা মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেমমূলক বক্তব্য দেন এবং তাদের বীরোচিত বিদায় জানানো হয়। একইসাথে বিশ্বকাপে ইরান যে জার্সি পরে মাঠে নামবে, সেটিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বিশ্বকাপ মিশনের অংশ হিসেবে আগামী সপ্তাহে তুরস্কে অনুশীলনের উদ্দেশ্যে দেশ ছাড়বে ইরান দল।

ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন যে এটি গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে সব থেকে সেরা এবং স্মরণীয় বিদায় সংবর্ধনা। তিনি বিশ্বাস করেন যে ফলাফল যাই হোক না কেন, বিদেশের মাটিতে ইরানের পতাকা এবং সম্মান রক্ষার লড়াইয়ে ফুটবলাররা কোনো আপস করবেন না। তবে এই উৎসবের আবহেও একটি বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচ খেলা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজকে দুই সপ্তাহ আগে ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সাথে সম্পৃক্ততার অভিযোগ তুলেছিল কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ইরান ফুটবল দলের একই সমস্যা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রেও এই সংস্থাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আইআরজিসির সাথে সম্পর্কযুক্ত কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ভিসা সংক্রান্ত এই জটিলতা নিরসনে ইরান এখন পুরোপুরি ফিফার ওপর নির্ভর করছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বেইনি সংবর্ধনা অনুষ্ঠানে জানিয়েছেন যে এখনো পর্যন্ত ভিসা সংক্রান্ত কোনো চূড়ান্ত বার্তা তারা পাননি। তবে ফিফা তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান হবে এবং ফুটবলাররা যথাসময়ে ভিসা পাবেন। সম্প্রতি ইরাকের কিছু ফুটবলারের ভিসা প্রত্যাখ্যান হওয়ার খবর চাউর হলেও হোয়াইট হাউজ এবং ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন তা নাকচ করে দিয়েছে। এই গুজব ইরানি শিবিরের উদ্বেগ কিছুটা বাড়ালেও মোম্বেইনি জানিয়েছেন যে তারা আশাবাদী এবং ফিফার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×