যে বাড়িতে কয়েকদিন পর বিয়ের সানাই বাজার কথা ছিল, সেখানে এখন শুধুই কান্নার আহাজারি। আনন্দের কোলাহল আর বিয়ের প্রস্তুতির ব্যস্ততা থেমে গিয়ে চারদিকে এখন কেবল স্বজনদের দীর্ঘশ্বাস। ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া চার ভাইয়ের লাশের অপেক্ষায় এখন প্রহর গুনছে তাদের পরিবার।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার একই পরিবারের চার সন্তান রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলামের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে জীবিকার প্রয়োজনে তারা ওমানে অবস্থান করছিলেন। তাদের মধ্যে এক ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় পরিবারে চলছিল খুশির আমেজ। খুব দ্রুতই দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল এবং বিয়ের কেনাকাটা করতেই তারা চার ভাই একসাথে বের হয়েছিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই যাত্রাই তাদের শেষ যাত্রায় পরিণত হলো।
গত বুধবার সকালে স্থানীয়রা একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাদের মৃত ঘোষণা করে উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ক্লান্তির কারণে তারা গাড়ির ভেতরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এবং এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
বর্তমানে তাদের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। ওমানে থাকা আত্মীয়ের মাধ্যমে আসা এই সংবাদে এখন পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে আছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।