ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কগুলোতে পূর্ণাঙ্গভাবে স্বয়ংক্রিয় মামলা পদ্ধতি চালু করা সম্ভব হবে। এর ফলে ট্রাফিক পুলিশ সদস্যদের আর ম্যানুয়ালি মামলা করতে হবে না; বরং আইন অমান্য করলেই এআই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাবে।
গতকাল সোমবার বিমানবন্দর ক্রসিংয়ে সৌরশক্তি চালিত ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনের সময় তিনি এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার জানান, ইতিমধ্যে ঢাকার ৩০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন (এআই) ক্যামেরা বসানো হয়েছে এবং গত সপ্তাহ থেকে ডিজিটাল মামলা করার কার্যক্রম শুরু হয়েছে। এই সফটওয়্যারটি ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনের কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ তৈরি করে। এরপর বিআরটিএ-র ডাটাবেজ থেকে মালিকের ঠিকানা সংগ্রহ করে প্রসিকিউশন চিঠি পাঠানো হচ্ছে। শিগগিরই মোবাইল অ্যাপ বা এসএমএসের মাধ্যমে জরিমানার তথ্য পাঠানো হবে। গত এক সপ্তাহে এই পদ্ধতিতে তিন শতাধিক মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকার সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, সিটি করপোরেশন গত কয়েক মাসে জাহাঙ্গীর গেট থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সাতটি ক্রসিং এবং গুলশানে সিগন্যাল লাইট বসিয়েছে। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশন হাইকোর্ট থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত ছয়টি পয়েন্টে লাইট বসিয়েছে, যা দ্রুতই চালু হবে।
পাশাপাশি ডিএমপির পক্ষ থেকেও ১৫টি পয়েন্টে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সব সিগন্যাল পোলে এআই সিসি ক্যামেরা বসানো হবে বলেও তিনি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।