সকল মেনু

ইউক্রেন যুদ্ধ শেষ হতে চলেছে: পুতিন

মস্কোর রেড স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনকে ঘিরে চলমান সংঘাতটি এখন শেষের দিকে এগোচ্ছে। তবে এই পর্যায়টিকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুরুতর হিসেবে আখ্যায়িত করেছেন।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ প্রসঙ্গে পুতিন বলেন, ‘আমার মনে হয় বিষয়টি শেষের দিকে যাচ্ছে।’ একই সাথে তিনি কিয়েভ সরকারকে পশ্চিমা দেশগুলোর ক্রমাগত সমর্থন ও সামরিক সহায়তার তীব্র সমালোচনা করেন। তাঁর মতে, পশ্চিমা দেশগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়ে মূলত রাশিয়ার বিরুদ্ধে সংঘাত উসকে দিয়েছে, যা দীর্ঘ সময় ধরে চলছে।

এবারের বিজয় দিবসের কুচকাওয়াজটি নিরাপত্তার স্বার্থে অনেকটা সীমিত পরিসরে আয়োজন করা হয়েছিল। ইউক্রেনীয় ড্রোন হামলার আশঙ্কায় গত বছরের মতো ট্যাংক বা ক্ষেপণাস্ত্রের বড় কোনো প্রদর্শনী রাখা হয়নি। তবে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষ মুহূর্তে মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় হামলার ঝুঁকি কমে আসে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এর আগে বিজয় দিবসের মূল ভাষণে পুতিন ইউক্রেন যুদ্ধকে একটি ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে দাবি করেন। তিনি ইউক্রেনকে ‘আগ্রাসী শক্তি’ হিসেবে অভিযুক্ত করে বলেন, পুরো ন্যাটো জোট ইউক্রেনকে অস্ত্র ও সমর্থন দিয়ে এই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় এই যুদ্ধ অপরিহার্য ছিল বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

সূত্র: বিবিসি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×