সকল মেনু

ফুটপাতে লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে: ডিএসসিসি প্রশাসক

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ফুটপাত যেন ব্যবসায়ীদের দখলে অনুপযোগী না হয়ে পড়ে, সেজন্য তালিকা তৈরি করে হকারদের লাইসেন্স দেওয়া হবে। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, “ঢাকা মহানগরীর নাগরিকরা সব সুবিধা তখনই পাবেন যখন জনগণ ও সিটি করপোরেশন পঞ্চাশ-পঞ্চাশ অনুপাতে কাজ করবে। যেকোনো ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। ফুটপাতে ব্যবসা করতেও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।”

ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, এটি যেন দখলমুক্ত থাকে সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। অল্প জায়গায় অধিক দোকান না বসে যায়, সেজন্য হকাররা কোথায় বসবেন তার গাইডলাইন তৈরি করা হবে। এক সপ্তাহের মধ্যে পুলিশের জরিপের মাধ্যমে ফুটপাতে শৃঙ্খলা আনার কাজ চলছে।

তিনি আরও বলেন, “রাজপথে কেউ কোনো আবর্জনা ফেলবেন না—এই শপথ প্রতিটি নাগরিককে নিতে হবে। তাহলেই ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।” ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা রাষ্ট্রের মুখমণ্ডল। তাই এটাকে পরিষ্কার রাখতে হবে। চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রাদুর্ভাব আসার আগেই প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×