শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার দুই আসনের ভোটের জন্য আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শনের পর তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, দুই আসনের নির্বাচন যেন আগের যেকোনো নির্বাচনের চেয়ে ভালো হয় এবং কোনোভাবেই খারাপ না হয়, এজন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটগ্রহণের পরিবেশ সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শেরপুর-৩ আসন সীমান্তবর্তী হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজিবি, র্যাব, আনসারসহ সংশ্লিষ্ট বাহিনী কার্যকরভাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সকাল থেকেই নির্বাচন কমিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিভিন্ন কেন্দ্রের ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন এবং নির্বিঘ্নে ফিরে যাচ্ছেন। সামগ্রিকভাবে পরিবেশ শান্ত রয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করা হচ্ছে।
বগুড়া-৬ আসনের উপনির্বাচন হচ্ছে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি শূন্য হওয়ায়। শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে। দুই আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মো. রেজাউল করিম বাদশা (বিএনপি), মো. আবিদুর রহমান (জামায়াতে ইসলামি) এবং মো. আল-আমিন তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি)।
শেরপুর-৩ আসনের তিন প্রতিদ্বন্দ্বী হলেন মো. মাহমুদুল হক রুবেল (বিএনপি), মো. মাসুদুর রহমান মাসুদ (জামায়াতে ইসলামি) এবং মো. মিজানুর রহমান (বাসদ মার্কসবাদী)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।