ইরান সরকার ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘হরমুজ প্রণালি খুলে দেওয়ার ডেডলাইন’ শেষ হওয়ার ঠিক আগেই দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ঘিরে ‘মানবশৃঙ্খল’ গড়ার আহ্বান জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় দেশের তরুণদের—বিশেষ করে খেলোয়াড়, শিল্পী ও শিক্ষার্থীদের—মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টা থেকে গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এই কর্মসূচি শুরু হচ্ছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা আগে।
হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য দেওয়া ওই ডেডলাইন শেষ হবে বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে (ইরানের স্থানীয় সময়)। ইরানের যুববিষয়ক উপমন্ত্রী আলিরেজা রাহিমি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, এই মানববন্ধনের ধারণাটি মূলত তরুণদের পক্ষ থেকেই এসেছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ শিল্পী এবং বিভিন্ন যুব সংগঠন প্রস্তাব দিয়েছিল যে, দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে একটি ‘মানব বলয়’ বা ‘মানবশৃঙ্খল’ তৈরি করা হোক।”
ইরান সরকার এই কর্মসূচির নাম দিয়েছে— ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইরানের তরুণদের মানবশৃঙ্খল’। রাহিমি আরও বলেন, “সারা দেশের তরুণদের অংশগ্রহণে এই মানবশৃঙ্খল গড়ে উঠবে এবং এটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় তরুণদের অঙ্গীকারের প্রতীক হিসেবে কাজ করবে।”
তথ্যসূত্র: এনডিটিভি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।