আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, রাতের মধ্যেই দেশের আকাশে বৃষ্টিবলয় ‘গর্জন’ প্রবেশ করতে পারে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বিডব্লিউওটি।
পোস্টে বলা হয়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একপাশের আকাশ মেঘলা রয়েছে এবং কিছু কিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ এখনো একদম পরিষ্কার। তবে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে, আজ রাতেই দেশে প্রবেশ করতে চলেছে বৃষ্টিবলয়।
বিডব্লিউওটির তথ্য অনুসারে, প্রায় পূর্ণাঙ্গ এই বৃষ্টিবলয়টি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টিবলয়ের প্রভাব পড়বে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে। এছাড়া সারা দেশেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।