সকল মেনু

সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেছেন, সরকারি মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, পাম্পে জ্বালানি তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভ বেশি বলে দাবি করে প্রকৃত সত্য আড়াল করছে। সংসদে জ্বালানি সংকট নিয়ে কথা বলতে চাইলে সেই নোটিশ আলোচনায়ই আসতে দেওয়া হয় না বলে তিনি দাবি করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদের অধিকাংশ সদস্যই কোনো না কোনোভাবে মজলুম। অনেকে জেল খেটেছেন, আয়নাঘরে বন্দি ছিলেন, আবার অনেকে ফাঁসির মঞ্চ বা নির্বাসন থেকে ফিরে এসেছেন। তিনি প্রশ্ন তোলেন, “এমন মজলুমদের নিয়ে গঠিত সংসদ যদি জনগণের দুঃখ না বোঝে, তাহলে আর কে বুঝবে?”

ফ্যাসিবাদ প্রসঙ্গে সতর্কবার্তাতিনি সতর্ক করে বলেন, ৫৪ বছর ধরে যে ফ্যাসিবাদ বাঙালি জাতিকে দাবিয়ে রেখেছিল, ২০২৪ সালের বিপ্লবীরা তাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। এখন যারা সেই ফ্যাসিবাদকে নর্দমা থেকে তুলে আনতে চাইছে, তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

জামায়াত আমির বলেন, ২৪-এর আন্দোলন শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য হয়নি, বরং ফ্যাসিবাদী ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য হয়েছে। তিনি দাবি করেন, বিগত নির্বাচনে ৭০ শতাংশ মানুষ ‘হা’ ভোট দিয়ে জামায়াতকে সমর্থন করেছিল, কিন্তু সেই রায় ‘হাইজ্যাক’ ও ‘ডাকাতি’ করা হয়েছে। তিনি আরও বলেন, গণভোটের রায় অস্বীকার করার দিন থেকেই বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। এই সংসদ মানুক বা না মানুক, জামায়াতে ইসলামী জনগণের রায় বাস্তবায়নে রাজপথে ফিরে যাবে এবং যেকোনো মূল্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে।

তিনি দলের ৭৭ জন সংসদ সদস্যকে জনগণের অধিকার রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন। পরিশেষে ডা. শফিকুর রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেকোনো মূল্যে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা হবে এবং এই অশুভ যাত্রা থামিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×