সকল মেনু

মহাকাশ থেকে পৃথিবীর নয়নাভিরাম হাই-রেজল্যুশন ছবি পাঠালেন আর্টেমিস-২ নভোচারীরা

চাঁদের উদ্দেশে যাত্রারত নাসার আর্টেমিস-২ মিশনের নভোচারীরা মহাকাশ থেকে পৃথিবীর অসাধারণ উচ্চ-রেজল্যুশন ছবি পাঠিয়েছেন। মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান এই ছবিগুলো তুলেছেন বলে জানিয়েছে নাসা।

চাঁদের দিকে যাত্রার গুরুত্বপূর্ণ ধাপ — ট্রান্স-লুনার ইনজেকশন বার্ন (ইঞ্জিন প্রজ্বলন) সফলভাবে সম্পন্ন করার পর ওরিয়ন মহাকাশযানের জানালা দিয়ে এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা হয়।নাসা প্রথম ছবিটির নাম দিয়েছে ‘হ্যালো ওয়ার্ল্ড’। ছবিতে দেখা যাচ্ছে নীল আটলান্টিক মহাসাগর, সূর্যের আলোয় ঢাকা পৃথিবীর বায়ুমণ্ডলের পাতলা উজ্জ্বল রেখা এবং দুই মেরুতে সবুজ অরোরা (মেরুজ্যোতি)। ছবিতে পৃথিবীকে কিছুটা উল্টো অবস্থানে দেখা যায় — বামে পশ্চিম সাহারা ও আইবেরীয় উপদ্বীপ, ডানে দক্ষিণ আমেরিকার পূর্বাংশ। নিচের ডান দিকে উজ্জ্বল বিন্দু হিসেবে শনাক্ত করা হয়েছে শুক্র গ্রহ।

শুক্রবার ভোরে ইঞ্জিন বার্ন সফল হওয়ার পর ছবিগুলো তোলা হয়। এর মাধ্যমে ওরিয়ন মহাকাশযান পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে যাত্রা শুরু করেছে। বর্তমানে চার নভোচারী পৃথিবী থেকে প্রায় ২ লাখ মাইল দূরে রয়েছেন। মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন মিশন কন্ট্রোলকে জানান, ইঞ্জিন বার্নের পর নভোচারীরা জানালার সঙ্গে ‘লেগে’ ছিলেন এবং একের পর এক ছবি তুলছিলেন। কমান্ডার রিড ওয়াইজম্যান পরে জানতে চান, জানালা কীভাবে পরিষ্কার করা যায় — এত ছবি তোলার কারণে জানালা ময়লা হয়ে গিয়েছিল।

নাসা এই ছবির সঙ্গে ১৯৭২ সালের অ্যাপোলো-১৭ মিশনের তোলা পৃথিবীর ছবি তুলনা করে বলেছে, “গত ৫৪ বছরে আমরা অনেক দূর এগিয়েছি, কিন্তু একটি জিনিস বদলায়নি — মহাকাশ থেকে আমাদের ঘর (পৃথিবী) এখনো অপূর্ব সুন্দর দেখায়।”

সবকিছু ঠিক থাকলে ৬ এপ্রিল নভোচারীরা চাঁদের দূরবর্তী অংশ (ফার সাইড) অতিক্রম করবেন এবং ১০ এপ্রিল পৃথিবীতে ফিরে আসবেন। উল্লেখ্য, ১৯৭২ সালের পর এই প্রথম মানুষ পৃথিবীর কক্ষপথ ছেড়ে এত দূরে গিয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×