জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান সংসদ অধিবেশনে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে, আমি নাকি সংসদে দাঁড়িয়ে একটি অসত্য কথা বলেছি। আল্লাহ তাঁকে এমন দক্ষতা দিয়েছেন যে, তিনি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন। এজন্যই আমি তাঁকে ধন্যবাদ জানাতে আজ সংসদে দাঁড়িয়েছি।”
বিরোধীদলীয় নেতার এই বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “এটা গতকালকের বিষয়। গতকালই এ বিষয়টি শেষ হয়ে গেছে। এটাকে আবার নতুন করে সংসদে তোলার কোনো প্রয়োজন নেই।”
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধীদলীয় নেতা দুটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। ‘মিথ্যা’ শব্দটি অসংসদীয়। এটি এক্সপাঞ্জ করার জন্য আমি স্পিকারের কাছে অনুরোধ জানাব। ‘অসত্য’ বললে আমার আপত্তি থাকত না। দ্বিতীয়ত, গতকাল বিরোধীদলীয় নেতা যে বক্তব্য দিয়েছিলেন, সেটির প্রেক্ষিতে আমি বলেছিলাম যে, তিনি সংসদে একটি অসত্য ব্যাখ্যা উপস্থাপন করেছেন। রুল ৬২ অনুসারে আপনি (স্পিকার) একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন তাঁরা ওয়াকআউট করার অনেক পরে। তাহলে সেই প্রস্তাবটি পার্লামেন্টে কীভাবে উত্থাপিত বা পঠিত হলো? সুতরাং আমি বলেছিলাম—তাঁর সেই বক্তব্যটি অসত্য।”
এরপর বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, “বিভ্রান্তির জায়গাটি হলো—একই বিষয়ে একই প্রস্তাব একজন স্বতন্ত্র সদস্য উত্থাপন করেছিলেন। সেই প্রস্তাবটিই গতকাল ভিন্ন নামে এসেছে, শুধু নাম পরিবর্তন করা হয়েছে, প্রস্তাবের বিষয়বস্তু একই আছে। আমি আগের প্রস্তাবটি জানতাম বলেই সেটি বলেছি। আমি কোনো ভুল তথ্য দেইনি।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।