সকল মেনু

আপসের শর্ত ভাঙায় জামিন বাতিল, আবারও কারাগারে নোবেল

তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎের মামলায় আপসের শর্ত ভঙ্গ করায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার মামলার ধার্য তারিখ ছিল। জামিনে থাকা নোবেল আদালতে হাজিরা দেন। তবে তিনি জামিন পাওয়ার পর আপসের শর্ত ভঙ্গ করেছেন বলে অভিযোগ ওঠে। এ কারণে বাদীপক্ষ তার জামিন বাতিল চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপসের শর্তে তাকে অস্থায়ী জামিন দিয়েছিলেন, যার মেয়াদ ছিল বৃহস্পতিবার পর্যন্ত। মামলার নথি অনুসারে, আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান নোবেল। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি ওই তরুণীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরে সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ।

এ ঘটনায় ২০২৫ সালের ১৩ আগস্ট মামলা দায়ের হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিবিআই প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এর ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, এর আগেও নোবেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত বছরের মে মাসে ডেমরা থানায় দায়ের করা এক মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর তিনি জামিনে মুক্তি পান।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×