সকল মেনু

লুবাবার জীবনসঙ্গী কে এই ‘হাফেজ’

আলোচিত অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবার বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার পর থেকেই তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

জীবনসঙ্গীর কথা জানিয়ে দেওয়া সেই পোস্টে একটি ছবি থাকলেও বর-কনের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। পাত্রের পরিচয়ও গোপন রেখেছিলেন লুবাবা। এতে নেটিজেনদের মধ্যে কৌতূহল বেড়ে যায় এবং অনেকেই তার জীবনসঙ্গী কে তা জানার আগ্রহ প্রকাশ করেন।

পরে জানা যায়, প্রবাসী আলেম মাহমুদ বিন মুনিরের সঙ্গে সিমরিন লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মুনির। গণমাধ্যমকে তিনি জানান, দুই পরিবারের সিদ্ধান্ত অনুসারে ঘরোয়া পরিবেশে তাদের বাগদান হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুসরণ করে নির্ধারিত সময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বিষয়ে এখন আর বিস্তারিত কিছু না বলে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জানা গেছে, বাবার ব্যবসার সূত্রে মাহমুদ বিন মুনির বর্তমানে কুয়েতে বসবাস করছেন। ২০২১ সাল থেকে তিনি সেখানে নিয়মিত অবস্থান করছেন। কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধি ব্যবসা রয়েছে। তিনি পবিত্র কুরআন হিফজ করার পর কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন। ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদরাসায় তিনি পড়াশোনা করেছেন।

লুবাবার সঙ্গে সম্পর্কের শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন এই তরুণ আলেম।

অন্যদিকে, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে নেমে আসেন তিনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি নিয়মিত অভিনয় ও মডেলিং করেছেন।তবে গত বছরের শেষের দিকে হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা। পরে তিনি জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। তার মা তখন বলেছিলেন, লুবাবা ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন এবং নিজের জীবনধারায় বড় পরিবর্তন আনতে চান।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×