বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। হিটলারের প্রশংসা করার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার (১ এপ্রিল) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
মিজানুর রহমান আজহারীর অনলাইনে প্রায় এক কোটি অনুসারী রয়েছে। তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসীদের কাছে বক্তৃতা দিয়ে থাকেন। ‘বিশ্বাসের উত্তরাধিকার’ সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন আজহারী। তার সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তৃতার কথা ছিল।
জানা গেছে, মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয়। তিনি বর্তমানে দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। আজহারী তার বক্তৃতায় হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেন। এছাড়া তিনি দাবি করেন যে, এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং তারাই এই রোগ আবিষ্কার করেছে।
এদিকে, লিবারেল পার্টির সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সিনেটে বলেন, আজহারীর আগমন সম্পর্কে তাকে এবং অন্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী আগেই সতর্ক করেছিল। তিনি জানান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ একাধিক সংসদ সদস্য বাংলাদেশে অবস্থিত ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ’-সহ বিভিন্ন সংগঠনের কাছ থেকে যোগাযোগ পেয়েছেন।
আজহারীর সফর সোমবার রাতে ব্রিসবেনে শুরু হয়েছিল। তার বক্তৃতা ৩ এপ্রিল মেলবোর্নে, ৪ এপ্রিল সিডনিতে এবং ৬ এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।