সকল মেনু

এমপি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ মন্তব্য করায় জামায়াত নেতা ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে আসছেন। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাঁকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন। এতে মন্ত্রীর ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, “এ ধরনের কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের মানুষ ক্ষুব্ধ হয়েছেন।” দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা মামলায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আবেদন ও উপস্থাপিত তথ্য-প্রমাণ আমলে নিয়ে আদেশের জন্য রাখেন।

এদিকে, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি এবং বিএনপি নেতারা মুফতি আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, একজন দায়িত্বশীল মন্ত্রীর বিরুদ্ধে এমন অশালীন মন্তব্য সম্পূর্ণ অনভিপ্রেত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×