ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এক নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা’র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, তাই এখন একে সুপ্রতিষ্ঠিত করতে না পারলে ভবিষ্যতে আর সুযোগ পাওয়া যাবে না। তিনি আরও বলেন, বিশ্বের যে দেশগুলোতে পার্লামেন্টারি ডেমোক্রেসি যত নিয়মতান্ত্রিক হয়েছে, সেখানে গণতন্ত্র তত বেশি দীর্ঘস্থায়ী হয়েছে।
কায়সার কামাল জোর দিয়ে বলেন, জাতীয় সংসদকে যদি সকল রাজনৈতিক দলের চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা যায়, তবেই দেশে গণতন্ত্র স্থায়ী হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কোনো দেশেরই প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তখনই কেবল মানবাধিকার সুরক্ষিত হবে এবং দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।
ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।