সকল মেনু

ইরানে ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা চীনের

ইরানে সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে ২ লাখ মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয় জিয়াকুন এই সহায়তার কথা জানান।

মুখপাত্র জানান, চীনের রেড ক্রস সোসাইটি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই অর্থ সহায়তা দেবে, যা মূলত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য ব্যবহৃত হবে। তিনি বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষের ওপর চলমান সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান। বিশেষ করে একটি স্কুলে হামলার ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার বিষয়ে চীন গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো উচিত। চীন অবিলম্বে সামরিক সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘মানবিক চেতনায় চীন প্রয়োজনীয় সহায়তা দিয়ে ইরানের জনগণকে এই সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে। নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল।’

মুখপাত্র জিয়াকুন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন চীন। তার মতে, ‘সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে এবং কোনোভাবেই তা লঙ্ঘন করা উচিত নয়। সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরতে হবে এবং সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে।’

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫০ জন স্কুলছাত্রী নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ওই দিন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে।

জানা গেছে, ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এ আগ্রাসনে দেশটিতে আরও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তেহরান। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

এদিকে মার্চের শুরু থেকেই বিশ্বের তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এবং বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×