রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিশেষজ্ঞ চিকিৎসকদের গড়া মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই অস্ত্রোপচার করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
ডা. রফিক জানান, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে। দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বোর্ড সব কিছু পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতি নিয়েই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ছিলেন।
এদিকে, জুমার নামাজের পর হাসপাতালে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিস্তারিত অবহিত করেন। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।