সকল মেনু

রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরি শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রোববার (২৯ মার্চ) সকাল থেকে শ্রমিক ইউনিয়নের ডাকে এ কর্মসূচি পালন শুরু হয়েছে। ফলে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

কর্মবিরতির কারণ হিসেবে শ্রমিকরা জানিয়েছেন, নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ট্যাংকলরি শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দেওয়ার প্রতিবাদে তারা এ আন্দোলন করছেন। ঘটনার বিবরণে জানা যায়, জ্বালানি তেলবাহী একটি লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারীরা কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লরি তল্লাশি করেন। কেবিন থেকে ১০ লিটার পেট্রল ও ২ লিটার ডিজেল উদ্ধারের পর অবৈধ তেল বহনের অভিযোগে চালক শ্রী কৃষ্ণচন্দ্র, সহকারী রিফাত ও একরামুল হককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

শ্রমিকরা অভিযোগ করেছেন, সড়কে পুলিশি হয়রানি ও অযৌক্তিক জেল-জরিমানার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। তারা দ্রুত দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং এনডিসি নিয়াজ ভূঁইয়ার অপসারণ দাবি করেছেন। দুপুরে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। পেট্রল পাম্প মালিকরাও শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, “শ্রমিকদের মুক্তি ও এনডিসির অপসারণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে।”

যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ধর্মঘট চলবে। পাম্প মালিকরাও আমাদের সঙ্গে আছেন।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×