সকল মেনু

কেনিয়ার বন্যায় নিহত বেড়ে ১০৮

কেনিয়ায় টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শনিবার (২৮ মার্চ) সরকারি বিবৃতিতে বলা হয়, বন্যার পানিতে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে শুধু জানমালের ক্ষয়ক্ষতিই হয়নি, হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। নিচু এলাকাগুলোতে পানির প্রবল স্রোতে অনেকে ভেসে গেছেন। উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

কেনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বন্যায় রাস্তাঘাট ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসা সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

পুলিশ প্রধান বলেছেন, দুর্গম এলাকায় এখনো উদ্ধারকাজ পৌঁছায়নি, তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার তৎপরতায় কেনিয়া রেড ক্রস, সামরিক বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা একসঙ্গে কাজ করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পূর্ব আফ্রিকার দেশগুলোতে বৃষ্টির ধরন আমূল বদলে গেছে। কেনিয়া সরকার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বর্তমানে হাজার হাজার মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন, যেখানে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বন্যাকবলিত এলাকায় জরুরি সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই মানবিক সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×