জাতীয় সংসদকে বিগত সরকারগুলোর আমলে কেবল ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর পর দেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমান সংসদকে দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের সংসদ নির্বাচনগুলো ছিল ফ্যাসিস্ট শাসনের ক্ষমতা নবায়নের হাতিয়ার। তৎকালীন নির্বাচন কমিশন শুধু গেজেট প্রকাশ করে সংসদকে ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে পরিচালিত করেছে। তিনি আরও বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সংসদ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, দেশের মানুষ এখন সেই সংসদের দিকেই তাকিয়ে আছে। সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়েছে।’
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রতি সম্মান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনার গৌরবোজ্জ্বল ও দূরদর্শী নেতৃত্বের স্মারক হিসেবে এই সামান্য সম্মাননা। আপনার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে।’
সংসদকে কার্যকর ও জীবন্ত করার অঙ্গীকার করে কায়সার কামাল বলেন, ‘সংসদের ক্ষেত্রে বিরোধী দলই হলো প্রাণ। কার্যপ্রণালি বিধি অনুসারে তারা তাদের মতামত প্রকাশ করবেন। ডেপুটি স্পিকার হিসেবে আমার দায়িত্ব হবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা এবং সংসদে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।