প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আমি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আমাদের বিশেষ দায়িত্ব রয়েছে। আমরা এই সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও সক্ষম করে গড়ে তুলতে চাই।”
গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, “সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, আমরা সেই উদ্দেশ্য সবসময় মনে রাখব। দেশের স্বার্থে সবাই যেন নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। সবাই ভালো থাকবেন।”
এর আগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকারপ্রধান। বিদায় নেওয়ার আগে তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।এবারের কুচকাওয়াজ দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনী হয়ে উঠেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি এই চমৎকার আয়োজনে গভীর মুগ্ধতা প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জাতীয় কুচকাওয়াজের প্যারেড কমান্ডার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হকসহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।