সকল মেনু

গণরায় উপেক্ষা করলে জনগণ প্রত্যাখ্যান করবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণরায়কে উপেক্ষা করে সরকার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও জনগণ তা কখনো মেনে নেবে না। গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিলে ইতিহাসের ধারাবাহিকতায় জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে, অনেক শক্তিশালী ও পরাক্রমশালী সরকার গঠন করেছে। কিন্তু যখনই তারা জনগণের রায়ের বিরুদ্ধে গেছে, ইতিহাসের পাতা থেকে তারা হারিয়ে গেছে।” তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়নের পরও জনগণের রায়ের বিরুদ্ধে কোনো শাসন কায়েমের চেষ্টা করলে শেষ পর্যন্ত তা জনগণের আন্দোলনের মুখে টিকতে পারেনি। ১৯৭০ সালের নির্বাচনে জনগণের স্পষ্ট রায় পাওয়ার পরও ক্ষমতা হস্তান্তর না করায় ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়। একইভাবে ১৯৯০ সালে স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে।”

গণভোটে বিপুল সংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “অত্যন্ত রক্তের বিনিময়ে যে সংস্কার ও নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদ পরিবার, বাবা-মা এবং আহত সহযোদ্ধারা দেখেছেন, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যদি তা বাস্তবায়ন না করা হয়, তাহলে গণভোটে ৭০ শতাংশ জনগণ যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তারা দ্বিতীয়বার রাস্তায় নামতে এক মুহূর্তও ভাববেন না।”

তিনি আরও যোগ করেন, “আপনারা জনগণের পক্ষে আসুন, যাতে আমরা সবাই মিলে একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। আর যদি জনগণের বিপক্ষে অবস্থান নেন, তাহলে স্বাধীনতা রক্ষার জন্য জনগণকে নিয়ে আমাদেরকে আবার মাঠে নামতে হতে পারে।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×