বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার পর আবারও ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মগবাজার শাখা ব্যতীত দেশের অধিকাংশ শাখা পুনরায় চালু রেখে ঈদ-পরবর্তী বিশেষ আয়োজন শুরু করছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে নবীন ফ্যাশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব চলবে ১৫ দিন। ইনশাআল্লাহ।
পোস্টে আরও উল্লেখ করা হয়, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে মগবাজার ছাড়া অন্যান্য শাখা চালু রাখা সম্ভব হয়েছে। শিগগিরই আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভে এসে ঈদ উৎসবের ঘোষণা দেবেন। ইনশাআল্লাহ।

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করে দেশ ছাড়ার ঘোষণা দেন নবীন ফ্যাশনের মালিক হাফেজ এনামুল হাসান নবীন। সম্মেলনে তিনি বলেন, “গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এ কারণে বাধার সম্মুখীন হলে ব্যবসা বন্ধ করে আবার প্রবাসে ফিরে যাব। বাংলাদেশে ব্যবসা করা কঠিন মনে হচ্ছে।”
একইদিন ফেসবুকে এক পোস্টে এনামুল হাসান নবীন লেখেন, “সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব। ইনশাআল্লাহ।”
প্রসঙ্গত, গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা মগবাজারের নবীন ফ্যাশনের দোকান জোর করে বন্ধ করে দেন। কম দামকে ‘রিলিফ বিতরণের’ সঙ্গে তুলনা করে প্রতিবেশী দোকানদাররা আপত্তি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।