সকল মেনু

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান গ্রেফতার

কুমিল্লায় ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গেটম্যান মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত।

তিনি জানান, মামলার অপর আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাব-১১ সিপিসি-২ এখন হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (২২ মার্চ) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ঢাকা-চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।

এতে ১২ জন নিহত এবং অনেকে আহত হন।ঘটনার পর সোমবার লাকসাম রেলওয়ে থানায় গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে মামলা দায়ের করা হয়। লাকসাম রেলওয়ে থানার ওসি জসীম উদ্দীন জানান, দায়িত্বে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় মামলাটি নেওয়া হয়েছে।মামলার বাদী শেফালী আক্তার (৫৮) নিহত সোহেল রানার খালা। তিনি নিজেও ওই বাসের যাত্রী ছিলেন।

শেফালী আক্তার জানান, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গা থেকে লাকসামে খালার বাড়িতে বেড়াতে আসার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান। একই ঘটনায় আহত সোহেলের স্ত্রী ও মেয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×