রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর বড় ছয়ঘটি গ্রামের অন্তরা খাতুনের বিয়ে ঠিক হয়েছিল পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের প্রকৌশলী জুলফিকার ইসলাম জিল্লুর রহমানের সঙ্গে। বিয়ের দিন ছিল সোমবার (২৩ মার্চ)।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় কনের গায়ে হলুদের অনুষ্ঠান হয় মহা ধুমধামে। বরপক্ষের লোকজন উপস্থিত হয়ে অন্তরাকে মিষ্টিমুখ করান। রাতে বৃষ্টি শুরু হওয়ায় বরের গায়ে হলুদের দিন সকালে ক্ষীর খাওয়ানোর সিদ্ধান্ত হয়। কিন্তু রোববার (২২ মার্চ) সকালে সেই আনন্দের পরিবর্তে নেমে আসে গভীর শোক। বর জুলফিকার নিজেই গায়ে হলুদের অনুষ্ঠানের পায়েস রান্নার জন্য দুধ আনতে প্রাইভেট কার চালিয়ে দাশুড়িয়া থেকে নাটোরের উদ্দেশে রওনা দেন। সকাল আটটার দিকে নাটোর হাইওয়ে গড়মাটি কলোনি রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আঘাত করে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান জুলফিকার।
অন্তরা খাতুন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছেন। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। তার বাবা ২২ বছর আগে দুরারোগ্য ব্যাধিতে মারা যান। এরপর থেকে মা রওশন আরা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। একমাত্র বড় ভাই সোহেল রানা রাজমিস্ত্রির কাজ করে ছোট বোনকে পড়াশোনা করিয়েছেন। মেডিকেলে ভর্তির সময় র্যাব-৫ এর তৎকালীন অধিনায়কের পক্ষ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান আর্থিক সহায়তা দিয়েছিলেন।
বিয়ের আয়োজন সম্পূর্ণ করা হয়েছিল। বন্ধন ডেকোরেটরের মালিক হৃদয় আহমেদ জানান, পুরো প্যান্ডেল সাজানো হয়েছিল। কনের মুখে ক্ষীর দেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু বরের মৃত্যুর খবর পেয়ে সবাই ছুটে যান। পরে প্যান্ডেল ভেঙে ফেলা হয়, কারণ কেউ আর সেই সাজানো অনুষ্ঠানস্থল দেখতে পারছিলেন না।অন্তরার চাচি রোজিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রাতেই বরপক্ষ এসে মেয়েকে মিষ্টিমুখ করিয়ে গেছে। সকালে ক্ষীর দেওয়ার কথা ছিল। হঠাৎ খবর এলো বর মারা গেছেন। উৎসবের বদলে দুই বাড়িতেই শুরু হয়েছে মাতম।”বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “বিয়ের আগের দিন এমন মর্মান্তিক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।