মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি না খুললে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সময়ে ইসরাইল জানিয়েছে চলমান সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ ধরে অব্যাহত থাকবে।
এ দুই ঘটনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি চালু না করা হলে ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
বার্তা সংস্থা এএফপি জানায় গ্রিনিচ মান সময় রোববার রাত ১০টায় বাজার খোলার সঙ্গে সঙ্গে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মে মাসের ডেলিভারি মূল্য প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করে। কিছুক্ষণ পর দাম কিছুটা কমে আসে। একই সময় নর্থ সি ব্রেন্ট ক্রুডের মে মাসের ডেলিভারি মূল্যও বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছে। লেনদেন শুরুর প্রায় ৪৫ মিনিট পর তা সামান্য কমে ১১১ ডলারের কাছাকাছি স্থির হয়।
যুদ্ধ শুরুর আগের দিন গত ২৭ ফেব্রুয়ারি ডব্লিউটিআই তেলের দাম ছিল ৬৭ দশমিক ০২ ডলার এবং ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭২ দশমিক ৪৮ ডলার প্রতি ব্যারেল।বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে তৈরি অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে চাপ সৃষ্টি করছে।
পরিস্থিতি আরও জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।