নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পাওয়ার পর তরুণ ছাত্রদল নেতা এইচ এম মোমেন ভূইয়ার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ছবি বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা (বাদলাপাড়া) গ্রামে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং একে একটি গভীর সামাজিক ও রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোমেন ভূইয়াকে এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব দেওয়ার পর থেকেই ফেসবুকে তার কিছু পুরনো ও ভিন্ন প্রেক্ষাপটের ছবি ব্যবহার করে কুৎসা রটানো শুরু হয়। স্থানীয়দের দাবি, করোনা মহামারির সময় ‘কল্যাণী যুব ফাউন্ডেশন’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মোমেনের করা মানবিক কাজের কিছু ছবিকে বর্তমানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে তার সামাজিক ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।
পারিবারিকভাবে মোমেন ভূইয়া অবসরপ্রাপ্ত শিক্ষক হাদিস উদ্দিন ভূইয়ার সন্তান। ২০১৬ সালে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে আশুজিয়া বানেটেক কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি উচ্চশিক্ষায় মনোনিবেশ করেন। সম্প্রতি ২০২৫ সালে তিনি গ্রীন ইউনিভার্সিটি থেকে সফলতার সাথে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন। পড়ালেখার পাশাপাশি সৃজনশীল লেখালেখি ও শিশুসাহিত্যের সাথেও তিনি যুক্ত।
আইন বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে কারোর অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বিকৃত করা বা মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা বর্তমান সাইবার নিরাপত্তা আইনে একটি দণ্ডনীয় অপরাধ। সচেতন মহল মনে করছে, একজন মেধাবী আইন গ্র্যাজুয়েটের বিরুদ্ধে এই অপপ্রচার কেবল ব্যক্তি মোমেনের ওপর আঘাত নয়, বরং এটি সুস্থ সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির জন্য বড় হুমকি।
এই ডিজিটাল অপরাধের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপসংস্কৃতি ও চরিত্র হননের প্রবণতা আরও বিস্তার লাভ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।