পাঁচ বছর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়ে জয়ী হয়েছিলেন জনপ্রিয় টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। বিধায়ক হিসেবে পাঁচ বছরের মেয়াদ শেষ হতে চলেছে আগামী মে মাসে।
কিন্তু আসন্ন নির্বাচনে দল তাকে আর টিকিট দেয়নি—এই সিদ্ধান্তে কাঞ্চনের ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে: কেন দল আর তার ওপর ভরসা রাখল না? মঙ্গলবার (১৭ মার্চ) তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়েছে—উত্তরপাড়া থেকে টিকিট পেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।
সামাজিক মাধ্যমে আগে থেকেই জল্পনা চলছিল। স্থানীয় নেতা-কর্মী ও কাউন্সিলরদের একাংশ কাঞ্চনের প্রতি ক্ষুব্ধ ছিলেন। বিরোধী শিবিরের কটাক্ষ ছিল—বিধানসভায় কাঞ্চনকে দেখা যাওয়া ‘ডুমুরের ফুল দেখার মতো’ দুষ্কর। অভিযোগ উঠেছে, গত পাঁচ বছরে কেন্দ্রের মানুষের সমস্যা সমাধানে বিধায়কের ভূমিকা যথেষ্ট ছিল না। রাস্তাঘাটের বেহাল অবস্থা, বৃষ্টিতে জল জমার দীর্ঘদিনের সমস্যা, কাঁঠালবাগান এলাকায় আন্ডারপাস বা ওভারব্রিজের দাবি—এসব নিয়ে কাঞ্চনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগের অভাব ছিল বলে অনেকে মনে করেন।
একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক নিজে বলেছেন: “আমাকে আগেই জানানো হয়েছিল। আমি আভাস পেয়েছিলাম। শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথাও হয়েছে। এটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। পাঁচ বছর বিধায়ক হিসেবে কাজ করেছি। বিধায়ক না থাকলেও দলের কর্মী হিসেবে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) পাশে ছিলাম, আছি এবং থাকব।”
তবে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দলের সঙ্গে তার প্রচ্ছন্ন দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছিল। দলীয় অনেক কর্মসূচিতে তাকে দেখা যায়নি। কেন্দ্রে নিয়মিত উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল। কাঞ্চনের দাবি, “আমাকে উত্তরপাড়ায় দেখা যায় না”—এমন প্রচার চালানো হচ্ছে, কিন্তু আখেরে তাতে লাভ হবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।