দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পল কাপুর বিশেষভাবে জানতে চান সংসদে দলগুলোর অংশগ্রহণ কেমন হবে।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, দলটি সংসদে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করবে। জনগণের স্বার্থ রক্ষাকারী বিষয়ে কথা বলবে এবং ইতিবাচক সব ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবে। এছাড়া ডেপুটি স্পিকার পদে জামায়াতের প্রার্থী দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
অন্য সদস্যরা ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন এবং সাবেক কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
এদিন সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। সকাল ১১টায় বিএনপির সঙ্গে পল কাপুরের বৈঠকের কথা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।