ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মশক নিধন, বনায়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া নতুন নিয়োগপ্রাপ্ত ৬টি সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আবদুস সালাম।
তিনি বলেন, ১৭ বছর পর ফ্যাসিবাদমুক্ত হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকর ছিল। সবকিছু দলীয়করণ করা হয়েছিল এবং নির্বাচনের নামে এগুলো দখল করা হয়েছিল—যেমন জাতীয় নির্বাচন ছিল না, তেমনি স্থানীয় সরকারগুলোও নির্বাচনহীন ছিল।
তিনি আরও যোগ করেন, জনগণের সেবা নিশ্চিত করার পরিবর্তে ক্ষমতাসীন দলকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার তাই করা হয়েছে। নতুন সরকার গঠনের পর জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য। এজন্যই প্রথম ধাপে সিটি করপোরেশনগুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব জনগণের ভোগান্তি ও দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া এবং যতটা সম্ভব সমাধান করা। যেগুলো নিজেরা সমাধান করতে না পারি, সেগুলো সরকারের সহযোগিতা নিয়ে মীমাংসা করব।
আবদুস সালাম জানান, আজ মন্ত্রীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী জনগণের বঞ্চিত অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে মশা নিধন, ক্লিন সিটি গড়ে তোলা এবং নাগরিকদের অন্যান্য সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন। যত দ্রুত সম্ভব এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে তিনি নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।