সকল মেনু

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি আরও বলেন, বিএনপি সরকার কোনো দলীয় পরিচয়ে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে (জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল) নির্বাচনী সহিংসতায় আহত চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ববি হাজ্জাজ অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে একাধিক কেন্দ্রে হামলার নির্দেশ দিয়েছেন। এতে শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনও কয়েকজন ভর্তি রয়েছেন।

তিনি বলেন, নির্বাচনে জয়লাভের আগে অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলার ঘটনাকে আইনের আওতায় আনা হবে এবং প্রত্যেক আহত কর্মীর বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার নিরাপত্তা জোরদারে ববি হাজ্জাজ আরও জানান, সেনা ক্যাম্প সরে যাওয়ার পর পুলিশকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। আদাবর ও মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, বসিলায় পুলিশ ক্যাম্প, ২০টি পুলিশ বক্স এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×