ঈদের আগেই রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচনী ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। আজকের সভায় এটি কীভাবে কার্যকর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
ফ্যামিলি কার্ড সার্বজনীন হবে বলে জানান মন্ত্রী। এতে কোনো সীমাবদ্ধতা বা রেস্ট্রিকশন থাকবে না। তবে শুরুতে হতদরিদ্র পরিবার থেকে শুরু করে ধাপে ধাপে দরিদ্র, মধ্যবিত্ত—এভাবে এগোনোর পরিকল্পনা রয়েছে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে অর্থমন্ত্রী রয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই রমজান মাসেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। প্রধানমন্ত্রী চান, অন্তত পরীক্ষামূলকভাবে ঈদুল ফিতরের আগেই শুরু করতে। কার্যক্রম কীভাবে চালু হবে, সেটা নিয়েই আলোচনা হয়েছে।
‘ফ্যামিলি কার্ড’ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম অংশ, যা প্রতিটি পরিবারকে সরাসরি সহায়তা প্রদানের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।