বাংলাদেশ সরকার শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (OHCHR) সহযোগিতা চেয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি OHCHR-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) পাঠিয়েছে। এতে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি, প্রাতিষ্ঠানিক ও বিশেষজ্ঞ সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।
জেনেভাস্থ মিশন থেকে জানানো হয়েছে, OHCHR-এর পক্ষ থেকে যেকোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। বাংলাদেশ সরকার পুনরায় জোর দিয়ে বলেছে যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
এর আগে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও হাদির পরিবারের পক্ষ থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।