আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারের পাঠ করেন।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচনের মাত্র ৫ দিন আগে এই ইশতেহার প্রকাশের মাধ্যমে দলটি তার রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে।ইশতেহারের মূল স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ এবং মূলনীতি ‘করবো কাজ, গড়বো দেশ’। মোট
পাঁচটি অধ্যায় রয়েছে: প্রথম অধ্যায়: রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। দ্বিতীয় অধ্যায়: বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। তৃতীয় অধ্যায়: ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। চতুর্থ অধ্যায়: অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন। পঞ্চম অধ্যায়: ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি
ইশতেহারটি বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে প্রণীত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে মির্জা ফখরুল বলেন, “আমাদের নেতা তারেক রহমান তার আগামী দিনের রাষ্ট্রের পরিকল্পনাগুলো তুলে ধরবেন। নতুন ইতিহাস, নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। তারেক রহমানের ইশতেহার ঘোষণায় নতুন বার্তা নিয়ে আসছেন তিনি। যার মাধ্যমে নতুন সূর্যোদয় হবে—এটাই পুরো জাতির আশা-প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “তারেক রহমান তার চিন্তাভাবনা নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, সে বিষয়ে জানাবেন।”এরপর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানান।
তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।