সকল মেনু

৬ কোটি টাকা আত্মসাৎ: গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাইফুজ্জামান বর্তমানে লালমনিরহাট গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে চলতি দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

তদন্তে দেখা গেছে, ঢাকায় থাকাকালীন ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প’-এর মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ প্রকল্পে অনুমোদন ছাড়াই একটি প্যাকেজকে আটটি পৃথক প্যাকেজে বিভক্ত করে ছয় কোটি একত্রিশ লাখ সাতানব্বই হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। এই আটটি প্যাকেজের অর্থ ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে পরিশোধ করা হলেও বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রকল্পের ডব্লিউ-১ প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ছাড়া অন্য আটটি প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে এই টাকা ব্যয় দেখিয়ে কাজ না করেই বিল পরিশোধ করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি সরকারি চাকরি আইন অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×