টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থা ও অপমানের অভিযোগে আলোচিত ঘটনায় গ্রেফতার তনয় শাস্ত্রীসহ তিন অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বনগাঁ মহকুমা আদালত।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) আদালতে পেশ করা হলে বিচারক মোহাম্মদ তারিক ফেরদৌস এ নির্দেশ দেন। আগামী ৩ ফেব্রুয়ারি ফের তাদের আদালতে তোলা হবে।পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজ বাসা থেকে তনয় শাস্ত্রী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। বনগাঁ পুলিশ জেলার এসপি দীনেশ কুমার জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে তোলা হয়। দুপুরে তারা বনগাঁ আদালতে উপস্থিত হন এবং বেলা সাড়ে ৩টার দিকে বিচারকের এজলাসে হাজির করা হয়।
শুনানিতে বনগাঁ থানা পুলিশ অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানালেও আদালত তা খারিজ করে দেন। আদালতের নির্দেশ অনুসারে, পরবর্তী শুনানি পর্যন্ত তারা সংশোধনাগারে (জেল) থাকবেন।ঘটনার সূত্রপাত গত রোববার (২৫ জানুয়ারি) রাতে। উত্তর ২৪ পরগনার বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘ ক্লাবের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে মিমি অভিযোগ করেন, তার পারফরম্যান্স চলাকালীন অভিযুক্ত তনয় শাস্ত্রী মঞ্চে উঠে তাকে অভদ্রভাবে থামিয়ে দেন এবং মঞ্চ ছেড়ে যেতে বলেন। এতে তিনি অপমানিত বোধ করেন এবং পুরো পারফরম্যান্স শেষ করতে পারেননি।
মিমি আরও দাবি করেন, অন্য শিল্পীদের মতো তনয়ের বাড়িতে অতিথি হিসেবে যেতে অস্বীকার করায় এমন আচরণ করা হয়েছে। এরপর তিনি ই-মেইলের মাধ্যমে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের অংশ হিসেবে পুলিশ তনয়ের বাড়িতে গেলে স্থানীয়রা বাধা দেন এবং ধস্তাধস্তি হয়। এতে পুলিশের কাজে বাধা দেওয়া, আঘাত করাসহ একাধিক ধারায় মামলা হয়। মূল হেনস্থার অভিযোগের তদন্তও চলমান।
অভিযুক্ত তনয় শাস্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, মিমি নির্ধারিত সময়ের (রাত ১০:৩০) অনেক পরে (রাত ১১:৪৫-এর কাছাকাছি) পৌঁছান। অনুষ্ঠান সময়মতো শেষ করতে মঞ্চ খালি করতে বলা হয়েছে, কোনো খারাপ ব্যবহার করা হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং সত্যতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় টলিউড, সোশ্যাল মিডিয়া ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকে নারী শিল্পীদের নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মিমি নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, “এটা শুরু মাত্র”।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।