সকল মেনু

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়েছে। একটি অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করে ঘরে ফিরতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২০২৬) বিকেলে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে গণভোটের প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই সভার আয়োজন করে।

ড. খালিদ হোসেন বলেন, বাংলাদেশে একবার ক্ষমতায় গেলে নানা কৌশলে তা ধরে রাখার একটি দুঃখজনক প্রবণতা দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটছে না। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদায়ের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে সরকারের একাধিক উপদেষ্টা তাঁদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।

তিনি আরও বলেন, তারা মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন—একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে। আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে দেশে আর কখনো স্বৈরতন্ত্রের জন্ম হবে না, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের পথ আরও সুগম হবে।

এজন্য তিনি সকলকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। সভায় বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×