সকল মেনু

ভোটের দিন বন্ধ থাকবে নৌযান চলাচল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি নৌযান চলাচলের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিষেধাজ্ঞা ভোটগ্রহণের দিনের আগের মধ্যরাত থেকে শুরু হয়ে পরের মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। তবে জরুরি সেবা, নির্বাচন সংশ্লিষ্ট কাজ এবং কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল করা যাবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নৌ-সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) এবং অন্যান্য নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে:

১/ রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্রসহ)।

২/ নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্রসহ)।

৩/ নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী।

৪/ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

৫/ জরুরি সেবায় ব্যবহৃত নৌযান যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি।

এছাড়া প্রধান নৌপথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য সরবরাহ এবং অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের ব্যবস্থা নিতে পারবেন। ভোটার ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা পাবেন। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×