টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভূমিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা।
তার মতে, পুরো ঘটনার পেছনে স্পষ্টভাবে ভারতের প্রভাব কাজ করেছে, আর সেই কারণেই শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ হয়নি। দ্য ওয়ার-এর এক আলোচনায় শারদা উগরা বলেন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশই এই সবকিছুর সূচনা করেছে। তার ভাষায়, সবকিছু শুরু হয় মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দিয়ে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে বলে—যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে পুরো দল কেন যাবে?
উগরার দাবি, এই সিদ্ধান্ত কোনোভাবেই ক্রিকেটীয় ছিল না, বরং পুরোপুরি রাজনৈতিক। তিনি বলেন, এটা সরাসরি বিসিসিআই থেকে এসেছে। বর্তমানে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয়। এছাড়া সামনেই আসাম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। এসব রাজনৈতিক প্রেক্ষাপটও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে বলে তিনি মনে করেন।
মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে চরম ভুল বলেও মন্তব্য করেন তিনি। উগরার ভাষায়, এই বছর একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবেই মোস্তাফিজ আইপিএলে খেলত। চুক্তি হওয়ার পরও তাকে বাদ দেওয়া মানে দুর্বল পক্ষের ওপর শক্তি দেখানো। একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আমি মনে করি, এটি ছিল খুবই বাজে সিদ্ধান্ত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।