সকল মেনু

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। গত শুক্রবারের এই ঘটনায় মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রোববার রাতে মাল্টার সংবাদমাধ্যম ‘টাইমস অব মাল্টা’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

বেঁচে যাওয়া ওই ব্যক্তির বরাত দিয়ে মাল্টার সশস্ত্র বাহিনী জানিয়েছে, একটি মালবাহী জাহাজ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে। তিউনিসিয়া উপকূলের কাছে উদ্ধারের পর চিকিৎসার জন্য তাকে মাল্টায় নেওয়া হয়। ওই ব্যক্তি জানান, তিউনিসিয়া থেকে যাত্রা করা নৌকাটি মাঝসমুদ্রে ডুবে যায়। নৌকায় থাকা প্রায় ৫০ জন যাত্রীর সবাই প্রাণ হারান এবং তিনি নিজে প্রায় ২৪ ঘণ্টা পানিতে ভাসমান অবস্থায় ছিলেন।

অভিবাসীদের সহায়তাকারী সংস্থা ‘অ্যালার্ম ফোন’ জানিয়েছে, গত সপ্তাহে তিউনিসিয়া থেকে ছেড়ে আসা অন্তত তিনটি নৌকার প্রায় ১৫০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবারের ডুবে যাওয়া নৌকাটি সেই নিখোঁজ তালিকার অংশ কি না, তা এখনও নিশ্চিত হয়নি।

ইউরোপে প্রবেশের আশায় তিউনিসিয়া ও লিবিয়া থেকে এই বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে নিয়মিতই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা।বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’ প্রজেক্ট ২০১৪ সাল থেকে এই যাত্রাপথের উপর নজর রাখছে।

সংস্থার সর্বশেষ তথ্য অনুসারে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। চলতি বছর (২০২৬) এখন পর্যন্ত এই সাগরে অন্তত ২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। গত বছর (২০২৫) এই পথে মোট ১ হাজার ৮৭৩ জন নিহত বা নিখোঁজ হন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×