ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক ও ক্রিকেটীয় টানাপোড়েন এবার মাঠের ২২ গজেও ছড়িয়ে পড়েছে। মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর দুই দেশের সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছে, তার প্রভাব দেখা গেল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। শনিবার জিম্বাবুয়ের বুলাওয়েতে ভারত ও বাংলাদেশের যুব দলের ম্যাচ শুরুর আগেই সৌজন্যবোধের অভাব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া এই গ্রুপ এ ম্যাচের টসের সময় দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করেননি। ভারতের অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আয়ুশ মাত্রে টস শেষে বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে হাত মেলানোর কোনো উদ্যোগ নেননি। আবরারও পাল্টা কোনো প্রচেষ্টা করেননি। টসের সময় দুজন চোখাচোখি এড়িয়ে গেছেন এবং আবরার সরাসরি সরে যান।
বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম অসুস্থতার কারণে খেলায় অংশ নেননি এবং টসেও উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার টসে নামেন। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে কয়েন ছোড়েন। আবরার ‘টেল’ ডেকে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। টসের পর আয়ুশ করমর্দনের পরিবর্তে এড়িয়ে চলে যান।
এই ঘটনা ম্যাচ শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং আলোচনার জন্ম দেয়। এটি ভারত-পাকিস্তান ক্রিকেটে গত বছর থেকে দেখা যাওয়া প্রবণতার সঙ্গে মিলে যায়। গত বছরের এশিয়া কাপ থেকে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন এড়িয়ে চলছেন। সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি। ম্যাচ শেষেও অনেকে একই আচরণ করেছেন। এমনকি এশিয়া কাপ জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে ট্রফি গ্রহণ করেননি ভারতীয়রা। এই ধারা বয়সভিত্তিক ও নারী ক্রিকেটেও অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সময়ে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ স্কোয়াড থেকে বাদ দেয়। এরপর দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও শীতল হয়। বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর আবেদন করেছে। এই বিষয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।