সকল মেনু

​নেত্রকোনা-৫ আসনে জামায়াত প্রার্থী মাসুম মোস্তফার প্রার্থিতা বৈধ ঘোষণা

নেত্রকোনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানির পঞ্চম দিনে কমিশন এ সিদ্ধান্ত প্রদান করে। এর ফলে এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অধ্যাপক মাসুম মোস্তফার আর কোনো আইনি বাধা রইল না।

এর আগে গত ৪ জানুয়ারি নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় অধ্যাপক মাসুম মোস্তফার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। হলফনামায় একটি মামলা থেকে খালাসের তথ্য উল্লেখ না থাকায় ‘তথ্য গোপন’ করার অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল হয়। পরে রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। বৃহস্পতিবার শুনানিতে প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাখ্যা প্রদানের পর কমিশন তার প্রার্থিতা বৈধ বলে রায় দেয়।

মনোনয়ন ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক মাসুম মোস্তফা বলেন, “নির্বাচন কমিশনের আপিল বিভাগের রায়ের মাধ্যমে আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্য নিয়েই নির্বাচনে নেমেছি। ইনশাআল্লাহ, আমি বিজয়ী হয়ে পূর্বধলার মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবো।”

এদিকে প্রিয় প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে পূর্বধলার জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধ্যাপক মাসুম মোস্তফার প্রার্থিতা বহাল হওয়ায় নেত্রকোনা-৫ আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। প্রভাবশালী প্রার্থী হিসেবে তার উপস্থিতি ভোটের মাঠে লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×