সকল মেনু

বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যু ‘গ্রহণযোগ্য নয়’: সেনাবাহিনী

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটকের পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ওরফে ডাবলুর (৫০) মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালায়।

অভিযানের সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে শামসুজ্জামান ডাবলুকে আটক করা হয়। আটককৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে ফার্মেসিতে তল্লাশি চালিয়ে ১টি ৯ মিমি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে উচ্চপদস্থ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×