সকল মেনু

কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুন: দগ্ধ হয়ে নিহত ৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে ভয়াবহ আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

দুর্ঘটনাটি আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুর পৌনে ১টার দিকে ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত তিনজন বাসের যাত্রী এবং একজন মোটরসাইকেল চালক বলে জানিয়েছে পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সংঘর্ষের পর আগুন ধরে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়েছে, যা মুহূর্তে বাসে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দাউদকান্দি ইউনিট, হাইওয়ে পুলিশ ও কুমিল্লার সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বেলা ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×