সকল মেনু

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কাঠবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে ঢাকামুখী একটি শীতাতপনিয়ন্ত্রিত দ্বিতল যাত্রীবাহী বাস (স্লিপার কোচ)। এতে বাসের তিন যাত্রী নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বারিয়ারহাট পৌরবাজারের উত্তর পাশে ধুমঘাট সেতু এলাকায় ঘটে।

নিহতরা হলেন— মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নুর আলমের ছেলে নাফিস আহমেদ (১৬), চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার মো. হেলাল উদ্দিনের মেয়ে ছাবিতুন নাহার (২৫), গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারি এলাকার মৃত নয়া ব্যাপারীর ছেলে মিন্টু মিয়া।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধুমঘাট সেতু এলাকায় বন বিভাগের তল্লাশিচৌকি রয়েছে।

সেখানে সড়কের ওপর কাঠবোঝাই ট্রাকটি কাগজপত্র যাচাইয়ের জন্য রাখা ছিল। এ কারণে পেছন থেকে আসা দ্বিতল বাসটি ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এসআই বোরহান উদ্দিন বলেন, “তল্লাশিচৌকির সামনে সড়কে গাড়ি রেখে কাগজপত্র দেখানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।” দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুই গাড়ির চালকই পলাতক রয়েছেন।

নিহত নাফিস আহমেদের লাশ তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। তার ভগ্নিপতি মোবারক হোসেন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নিহতদের অন্য পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×