বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফ তীব্র সমালোচনা করেছেন।
তিনি ভারতের রাজনৈতিক ও ক্রিকেটীয় ‘দ্বৈতনীতি’ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ভারত যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে, তাহলে মোস্তাফিজ কেন আইপিএলে খেলতে পারবে না?
বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর গত ৩ জানুয়ারি মোস্তাফিজকে ছাড়ার ঘোষণা দেয়। গত ডিসেম্বরের নিলামে ৯.২০ কোটি রুপিতে তাকে কেনা হয়েছিল। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এটিকে ‘সাম্প্রতিক উন্নয়ন’ বলে উল্লেখ করেছেন, যা মূলত ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি ও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের সঙ্গে যুক্ত।
রশিদ লতিফ সামাজিক মাধ্যমে লিখেছেন, বিসিসিআইয়ের এই নির্দেশ রাজনৈতিক চাপের ফল। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটকেও প্রভাবিত করতে পারে। নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে বাংলাদেশ ভারত-শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে না খেলার সিদ্ধান্ত নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এই ঘটনা বাংলাদেশের ক্রিকেটভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে এবং সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।