মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান, পিকআপ ও প্রাইভেটকারের চার যানের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণে প্রায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি বন্দরখোলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সামনে থাকা ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’র কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেটকার দুর্ঘটনাকবলিত যান দুটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এখন সড়কে যান চলাচল স্বাভাবিক।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।